অনুগল্প - ছাতা কথন।
বৃষ্টির কথা উঠলেই ছাতার কথা উঠবে না, তা হতে পারে না। ছাতার সঙ্গে আমার সম্পর্কটা বেশ টানাপোড়েনের। মহামানবদের ছোটবেলার ছাতার কাহিনী পড়ে বড় হলাম। তেমন কোনো কাহিনী না থাকলেও ছাতা নিয়ে আমার ছোট থেকেই একটু খুঁতখুঁতে স্বভাব। আমার প্রথম নিজস্ব ছাতা বলতে আমাদের দুই ভাইয়ের জন্য আমার পিতার পছন্দ করা বড় কাঠের শিকের ছাতার কথা মনে পড়ে। প্রথম শ্রেণিতে পড়ার সময় আমি একটু ভাজ করা যায় এমন ছাতা নিতে চাইতাম। সেই ছাতা অপছন্দের ছিল বিধায় আমি তখন কাকভেজা হতেও দ্বিধাবোধ করতাম না। আমার তখন ওইসব অপছন্দের ছিল, অথচ আজকাল অদ্ভুতভাবে সেই কাঠের ছাতাটাকেই খুঁজে ফিরি।
রাঙামাটি আসার প্রথমদিককার কথা। কিছুদিন কাকভেজা ও নিয়মিত জ্বরে যখন ফ্যান্টাসির বারোটা, তখন আম্মুর বকাবকি আর নিজের অবশিষ্ট আয়ুর কথা চিন্তা করে ছাতা কিনে ফেলি। কোনো এক অমাবস্যায় ছাদে ব্যাচেলর পার্টিতে হঠাৎ বৃষ্টির আগমন আর আমার ছাতা সেভিয়র হিসেবে উদিত হয়। ওইদিন আমার আয়ু আর জ্বর থেকে বাঁচতে পারলেও মনের ভুলে ছাতা ছাদে রেখে আসায় ছাতার আয়ু আর বৃদ্ধি করা সম্ভব হলো না।
ছাতার শোকে কিছুদিন পুনরায় কাকভেজা আর নিয়মিত প্যারাসিটামল সেবন করতে থাকলাম।
পরবর্তী বৃষ্টির মৌসুমে ভয়ংকর বৃষ্টিতে রঙিন প্রেমিকা না হলেও একটি রঙে জর্জরিত ছাতা আমার সঙ্গী হলো। হঠাৎ রুম পরিবর্তনে ইন্টারের প্রেমিকার মতো ছাতাও কোথায় উড়ে গেল, তার আর ঠিকানা পাওয়া গেল না।
যে উড়তে চায়, তাকে কি আর বেঁধে রাখা যায়? আমি আরেকটা ছাতা কেনায় মনোযোগী হলাম। হঠাৎ একদিন রাতের মনোরঞ্জন ও পরবর্তীতে ব্যাপক বৃষ্টিতে বন্ধু যখন নিজের পথ খুঁজে পাচ্ছিল না, তখন আমার ছাতা তাকে পথ দেখালো। পরবর্তীতে ছাতার খোঁজে আমি এদিক-ওদিক ঘুরতে লাগলাম। দেশের উৎপাতে হঠাৎ কোথায় নিখোঁজ হলো, তার খোঁজ পাওয়া গেল না। আমি পুনরায় কাকভেজা হতে থাকলাম।
হঠাৎ একদিন খুঁজে পেলাম, কিন্তু ভাগ্য এবারও সহায় হলো না। তীব্র বৃষ্টিতে ক্লাসের জন্য রেডি হয়ে ছাতা অতি উৎসাহে খুলতে গিয়ে তার ডালপালা ভেঙে শুয়ে পড়লো। তীব্র বেদনা আর এক বুক হতাশা আমাকে গ্রাস করলো।
এই তো সেদিনকার কথা, ডিপার্টমেন্টের অঘোষিত প্রেমিকার মায়ায় সন্ধ্যায় ডিপ্টে গিয়ে আটকে পড়লাম। তীব্র বৃষ্টিতে কাকভেজা হয়ে যখন বের হওয়া সম্ভব না, তখন স্যার অবতার রূপে উদিত হলো। স্যার নিজে ডিপ্টের ছাতা না নিয়ে আমাকে ছাতা দিয়ে বাসায় যেতে বললেন। আমি কৃতজ্ঞতার চোখে স্যারকে বিদায় জানিয়ে রুমে আসলাম। গত চারদিনে ছাতার কথা মনে না থাকলেও হঠাৎ তীব্র বৃষ্টিতে ডিপ্টের ছাতার কথা মনে পড়ে হাড় হিম হয়ে গেল। এই সুন্দরী কোথায় পালালো, তার খোঁজে ঘুম উড়ে গেল।
না, মনেপ্রাণে শপথ করলাম যে আমার হতে চায় না তাকে বারবার জোর করে নিজের করে রাখার মানে হয় না। আমি একা-একা কাক হয়ে দাঁড়িয়ে রইবো। আমি বৃষ্টি হলে ছুটবো। কাকভেজা হয়ে চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে রইবো। তবুও ফিরে তাকাবো না।
তোমার বিদায়ে দুঃখ থাকবে, বেদনার হলুদ রং চোখেও চাইবো তোমার পথ মসৃণ হোক। প্রিয় ছাতা, সুখে থেকো। বিদায়।
.jpg)


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন